গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘শেখ হাসিনার বারতা সবার জন্য সাক্ষরতা’ এই স্লোগানের মধ্য দিয়ে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলিক সাক্ষরতা প্রকল্পে শিক্ষক ও সুপারভাইজারদের পাঁচ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার দিঘলীয়া সার্বজনীন দাখিল মাদরাসা সভা কক্ষে এ বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। জানা যায়, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের অন্যান্য জেলার মতো এ উপজেলায় নিরক্ষরদের সাক্ষর জ্ঞানের লক্ষ্যে ৩৪০টি কেন্দ্রে ২০ হাজার ৪০০ নিরক্ষরকে সাক্ষর জ্ঞান দেয়া হবে। এসব নিরক্ষরদের সাক্ষর জ্ঞান দিতে ৬৮০ জন শিক্ষক ও ১৭ জন সুপারভাইজারের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসব শিক্ষক ও সুপারভাইজারদের আগামী শনিবার পর্যন্ত প্রশিক্ষণ শেষে ১৭ জানুয়ারি থেকে তারা ৩৪০টি কেন্দ্রে ২০ হাজার ৪০০ জন নিরক্ষরকে সাক্ষর জ্ঞান দেবেন। গোপালগঞ্জের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুনিয়াদি প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো: আবু নাজের, দিঘলীয়া সার্বজনীন দাখিল মাদরাসার অধ্যক্ষ মো: মামুনুর রশিদ, পল্লী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিনা বিশ্বাস, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কোটালীপাড়া প্রোগ্রাম অফিসার নিপন বিশ্বাস, সমন্বয়কারী মো: নজরুল ইসলাম প্রমুখ।





