রাজশাহীর বাগমারায় সেনাবাহিনীর এক কর্মকর্তার বাড়ি নির্মাণ কাজে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগের পর বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, থানা পুলিশ ও বাগমারা ভূমি অফিসের সার্ভেয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাজশাহী সেনানিবাসে কর্মরত মেজর দুলাল আহম্মেদ বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের কোটগ্রামে তার শ্বশুরবাড়ি সংলগ্ন রমজান আলীর কাছ থেকে ২৫ শতক, জাবেদ আলীর কাছ থেকে ৮ শতক ও মোস্তাদুর রহমানের কাছ থেকে ১৪ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত ওই জমিতে তিনি সম্প্রতি তিনতলা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।





