খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় পরেশ ত্রিপুরা ওরফে মহেন ত্রিপুরা নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহেন ত্রিপুরা পানছড়ির পুদ্দিনিপাড়ার মিলন বিকাশ ত্রিপুরার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর টহলদল পানছড়ির উল্টাছড়ির মরাটিলা নামক এলাকায় গেলে মহেন ত্রিপুরা ও তার এক সহযোগী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি করে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মহেন ত্রিপুরা (৩০) নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল, নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
এ দিকে মহেন ত্রিপুরাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে শনিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খাগড়াছড়ির পানছড়িতে আজ বাজার বয়কট ও কাল সোমবার পানছড়িতে আধা বেলা সড়ক অবরোধের ডাক দেয়া ইউপিডিএফ প্রসীত গ্রুপ।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরুল আলম জানান, এ ঘটনায় শনিবার দুপুরে পানছড়ি থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ২০১৪ সালের ১৭ মে তিনটি ভারী অস্ত্রসহ নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছিল মহেন ত্রিপুরা।