নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে শামীম (৮) ও মনির (৭) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড কবরস্থান-সংলগ্ন পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান লাশ দু’টি উদ্ধার করে ।

নিহতরা হলো- কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা এলাকার রবিউল আলমের ছেলে শামীম ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার পাইকন ডিমপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে মনির। তারা এসও রোড এলাকার বাদশা হাজীর বাড়ীর ভাড়াটিয়া। দুই শিশুর বাবা এলাকায় রিক্সা চালিয়ে তাদের সংসার চালাতেন। এদের মধ্যে শামীম এসও রোড এলাকার দারুস সালাম মাদ্রাসায় তৃতীয় শ্রেনীতে পড়াশুনা করতেন।

নিহত শামীমের বাবা রবিউল জানায়, আমার ছেলে শামীম ও মনির একই বাড়ীতে থাকার কারনে তারা একসাথে চলা ফেরা করতো। শুক্রবার সকাল ১১টায় নাস্তা খাওয়ার পর আমার ছেলেকে মনির খেলার জন্য ডেকে নিয়ে যায়। তারপর থেকে সন্ধ্যা হয়ে গেলেও তারা বাসায় ফিরে না আসায় আমরা খোঁজাখুজি শুরু করি এবং মাইকিং করি। তাতেও কোন কাজ না হওয়ায় শনিবার থানায় গিয়ে জিডি করি।

নিহত মনিরের বাবা জাহাঙ্গীর জানান, আজও সকালে খোঁজাখুজি শেষে থানায় এসেছিলাম। এরমধ্যে একজন আমাকে ফোন করে জানায় আমার ছেলের লাশ পাওয়া গেছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গত শুক্রবার সকালে শামীম ও মনির নামে দুই শিশু খেলাধুলার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়। শনিবার দুই শিশুর পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিখোঁজের জিডি করে। তারপর থেকে পুলিশও খোঁজাখুজি অব্যাহত রাখে। আজ সকালে বার্মাস্ট্যান্ড এলাকার স্থানীয়রা পুকুরে দুটি শিশুর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই শিশু দুটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কিনা ময়না তদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।