প্রশাসনের মধ্যস্থতায় বিশ্ব ইজতেমা ময়দানের দায়িত্ব সাদপন্থীদের কাছে হস্তান্তর করেছে শূরায়ে নেজামের (জোবায়ের পন্থীদের) সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে মাঠ সংস্কারসহ ইজতেমা আয়োজনের প্রয়োজনীয় কাজ শুরু করেছেন তারা।

গত সোমবার বাদ মাগরিব ইজতেমা ময়দানের বিদেশী নিবাস এলাকায় স্থাপিত জেলা প্রশাসনের সমন্বয় কক্ষ থেকে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় গাজীপুরের জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনুর ইসলাম, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোর্শেদ খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে ছিলেন ডিসি (ক্রাইম) শরিফ উদ্দিন, ডিসি (ডিবি) মঞ্জুর আলম, এডিসি ক্রাইম (সাউথ) শাহাদাত হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন, আলমী শূরার পক্ষে (জোবায়ের পন্থীদের) ইজতেমা ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান, আবুল হাসানাত প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সাদপন্থীদের পক্ষে মো: মুহিবুল্লাহ হস্তান্তরপত্রে স্বাক্ষর করে জেলা প্রশাসনের কাছ থেকে ইজতেমা ময়দানের দায়িত্ব বুঝে নেন।

এর আগে ময়দানে বিদ্যমান ইজতেমা আয়োজনের যাবতীয় মালামালের তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কমিটির সদস্য ও শুরায়ে নেজামের পক্ষে ময়দানের জিম্মাদাররা স্ব-স্ব পক্ষে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারী সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা মাঠ নিজেদের দখলে পেয়ে সংস্কার কাজ শুরু করেছেন তারা।