সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের ভূমিহীন কৃষক শহিদুল ইসলাম নিজের নামে বন্দোবস্ত নেয়া জমি ফিরে পেলেন। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী পুলিশ সদস্য ও গ্রাম পুলিশদের নিয়ে গত শনিবার দুপুরে অবৈধ দখলদারদের উঠানো ঘর গুঁড়িয়ে দিয়ে জায়গা শহিদুলকে বুঝে দেন। এর আগে ওই জায়গা নিজেদের দাবি করে প্রভাবশালী মন্তাজ আলীর ছেলে শফি ও তার লোকজন দখলে নিয়েছিল।
উল্লেখ উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের আরএস খতিয়ান নং-১ এর ২৫৪৭ দাগের ৪০ শতক জমি ২০০৯ সালে সরকারি নিয়ম মেনে বন্দোবস্ত নেন কৃষক শহিদুল। এরপর তিনি ওই জমির খাজনা খারিজ সম্পন্ন করে ভোগদখল করতে থাকেন। এখন ওই জমি নিজেদের দাবি করে মন্তাজ আলী ও তার লোকজন জোর করে দখলে নেয়ার চেষ্টা চালায়। কৃষক শহিদুল সিরাজগঞ্জ কোর্টে এ বিষয়ে মামলা করলে তিনি রায় পান। সম্প্রতি মন্তাজ আলী মারা গেলে তার ছেলে শফি ও মন্তাজের বোন জামাই ইজ্জত আলী জোর করে ওই জমিতে ঘর উঠিয়ে দখলে নেয়।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, কাগজপত্র মোতাবেক ওই জায়গার প্রকৃত মালিক শহিদুল। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত শনিবার অবৈধ দখলদারদের উচ্ছেদ করে শহিদুলকে জায়গা বুঝিয়ে দেয়া হলো। সেই সাথে ৪০ শতক জমির বাড়ির পাঁচ শতক বাদে অন্য জমিতে লাগানো ফসলের দাম দখলদারদের দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।