টেকনাফ থেকে সাগর পথে মালয়েশিয়া পাড়ির প্রস্ততিকালে ২২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এসব রোহিঙ্গার মধ্যে ১৮ জন নারী, একজন শিশু এবং তিনজন পুরুষ। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাস করছিল। সোমবার ২০ জানুয়ারি রাত ৮টার দিকে টেকনাফের শামলাপুর নোয়াখালীয়াপাড়া এলাকায় জমায়েত অবস্থায় তাদের আটক করা হয়।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মানব পাচারকারী চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের শামলাপুর নোয়াখালীয়াপাড়া এলাকায় জমায়েত করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর রাতেই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাগর তীরে নৌকার জন্য অপেক্ষায় থাকা ২২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। তম্মধ্যে ১৮ জন নারী, একজন শিশু এবং তিনজন পুরুষ ভিকটিম। তাদের জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়েছে।