পূর্ব শত্রুতার জেরধরে উপজেলার মোল্লারহাট বাজারের মুদি ব্যবসায়ী মোকলেস খানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। গত রোববার রাতে লাশ দাফনের আগে বিকেলে আলিমাবাদ গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মোল্লারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান মোল্লা ও হানিফ হাওলাদার।
গত শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী নেছার উদ্দিন শিকদারের নেতৃত্বে সলেমান, মোজাম্মেল, আলতাফ, শাহীন, রুবেল, জামাল, আলামিন, আরিফ, নাসির, কালাম হাওলাদার, সাইদুল হাওলাদারসহ ১৫-২০ জন মোকলেসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা আহত মোকলেসকে নিয়ে উল্লাস করতে থাকে। খবর পেয়ে মুলাদী থানার বোয়ালীয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মুমূর্ষু অবস্থায় মোকলেসখানকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরের দিন শনিবার নিহতের স্ত্রী বিথি বেগম বাদি হয়ে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নুপুর বেগম, তহি বেগম, শিখা আক্তার, রানু বেগম ও বিথী বেগম নামে পাঁচ নারীকে গ্রেফতার করলেও ঘটনার মূলহোতারা এখনো গ্রেফতার হয়নি।