মাদারীপুরের রাজৈর উপজেলা চত্বরের পাশে পৌর এলাকার অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা আবদুল লতিফ হাওলাদারের ১০০ বছরের পৈতৃক জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি মহল। সাহেব আলী মাতুব্বরের নেতৃত্বে গত ১৯ জানুয়ারি হামলা চালিয়ে লতিফ হাওলাদারকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী রফিক ব্যাপারী ও তার ভাইয়েরা গত ৬ ডিসেম্বর লতিফ হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে এবং অকথ্য ভাষায গালিগালাজ করে। তার চার ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায়। এ সময় ইটের গাঁথুনি দিয়ে পিলার নির্মাণ করে। বিষয়টি রাজৈর থানা পুলিশকে অবহিত করলে ওসি (তদন্ত) এমদাদের আহবানে সালিসি সভা অনুষ্ঠিত হয়। কিন্তু এতে কোনো সমাধান হয়নি। থানায় জিডি করার পরও গত ১৯ জানুয়ারি সকালে সাহেব আলী মাতুব্বরের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লতিফ হাওলাদারের বাড়িতে আবার হামলা চালানো হয়। এ ঘটনায় তার বড় ভাই আবদুর রহমান হাওলাদার বাদি হয়ে মাদারীপুর জজকোর্টে মামলা করেন।
রাজৈর থানার ওসি খন্দকার শওকত জাহান বলেন, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। আমরা এলাকায় শান্তি বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।