কক্সবাজারের উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সাথে কথিত বন্দুকযুদ্ধে মংকিউ তংচঙ্গা (২৫) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ৪০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি গুলি। নিহত মংকিউ তংচঙ্গা বান্দরবান জেলার নাইংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার চাচিংলা তংচঙ্গার পুত্র। গতকাল বৃহস্পতিবার ভোরে পালংখালী ইউনিয়নের বালুখালীর পানবাজার এলাকার নাফ নদীর তীরবর্তী কাঁকড়া ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, ‘বৃহস্পতিবার ভোর রাতে উক্ত স্থান দিয়ে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে পাঁচ-ছয়জন সন্দেহভাজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেয়। এ সময় সন্দেহভাজন লোকেরা বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। সন্দেহভাজন ইয়াবা পাচারকারিরা তখন মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় এক লাখ ৪০ হাজার ইয়াবা, দেশে তৈরি একটি লম্বা বন্দুক ও তিনটি গুলি। তিনি আরও বলেন, ‘এ ছাড়া বিজিবির সদস্যরা গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন তার পরিচয় শনাক্ত করে। বিজিবির দাবি, নিহত মংকিউ তংচঙ্গা একজন চিহ্নিত মাদক পাচারকারি। সে মিয়ানমার সীমান্ত দিয়ে দীর্ঘ দিন ধরে সঙ্ঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা পাচারে সক্রিয় ছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’কক্সবাজার সংবাদদাতা