বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটে রোববার দিবাগত ভোররাতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। এছাড়া আরো ১৪টি দোকানের আংশিক পুড়ে গেছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ফারুক হোসেন জানান, রোববার দিবাগত রাত চারটার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ ও বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং ১৪টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় দুই কোটির টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



