বরিশালের আগৈলঝাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে গুরুতর আহত করে উল্টো তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ইউপি সদস্য। গুরুতর আহত গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের আহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বরকত উল্লাহ চৌকিদার শনিবার তুচ্ছ ঘটনার জেরে রাজ্জাক ব্যাপারীর বাড়ি গিয়ে রাজ্জাক ব্যাপারী ও তার ছোট ভাই স্কুলছাত্র রাতুল ব্যাপারীকে মারধর করে। রাজ্জাক ব্যাপারীর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কল্পনা বেগম মারধরে বাধা দিতে গেলে বরকত উল্লাহ তাকেও মারধর করে গুরুতর আহত করে। গুরুতর আহতাবস্থায় কল্পনাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য গৃহবধূসহ তিনজনকে মারধর করলেও উল্টো রাজ্জাক ব্যাপারীর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে ইউপি সদস্য বরকত উল্লাহ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা একটি কুকুর পোষেন। কুকুরটি অনেক লোকজনকে কামড়িয়েছে। তাই জিজ্ঞাসা করতে গেলে তার ওপর হামলা চালিয়েছে রাজ্জাক ও তার লোকজন। ইউপি সদস্যর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।