বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন সুপার মার্কেটে রোববার দিবাগত ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়াও ১৪টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: ফারুক হোসেন জানান, রাত ৪টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী, উজিরপুর, বাবুগঞ্জ ও বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও ১৪টির আংশিক ক্ষতি হয়। তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় দুই কোটির টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।