ভারতে এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ফেনী শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বাদ যোহর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা মিছিল নিয়ে ট্রাংক রোডে সমবেত হয়ে দোয়েল চত্বর, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন ইসলামি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে দোয়েল চত্বরের সামনে মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয়।

পরে দোয়েল চত্বরে আয়োজিত সমাবেশে ফেনী জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন কাশেমীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্লাহ কাসেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমেদ চৌধুরী, মুফতি মো: ইলিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ফারুক, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার উল্লাহ ভূঞা, ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা শফিউদ্দিন ও সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক মুফতি নিজাম উদ্দিন প্রমুখ। শেষে ভারতে নিহত মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।