রাজবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের মামলায় স্বামী আইয়ুব আলীকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

আইয়ুব আলী বালিয়াকান্দি উপজেলার খামার মাগুরাডাঙ্গি এলাকার মান্নান মোল্লার ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, বিয়ের পর থেকেই স্ত্রী হাসিনা খাতুনকে এক লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন আইয়ুব আলী। এক পর্যায়ে স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন চালান। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ২০১৮ সালের ২২ আগস্ট দুপুরে অসুস্থ ও শিকলে বাঁধা অবস্থায় হাসিনা খাতুনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। উদ্ধারের পর দিন ২৩ আগস্ট বালিয়াকান্দি থানায় হাসিনা খাতুনের চাচা জিল্লুর রহমান মামলা দায়ের করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে আইয়ুব আলীকে আট বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।