করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি ফেরত বাবা-ছেলেসহ পরিবারের পাঁচ সদস্যকে হোম কোয়ারান্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।

ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবা-ছেলে গত ৪ মার্চ বাংলাদেশে এসেছেন। প্রশাসন তাদেরকে সোমবার রাত থেকে বাইরে না বেরুনোর অনুরোধ করেছেন। প্রশাসনের অনুরোধটি তারা সাদরে গ্রহণ করেছেন। ইতালি ফেরত বাবা-ছেলেসহ পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। তারা এক সপ্তাহ হোম কোয়ারান্টাইনে থাকবেন। তবে তারা মঙ্গলবার বিকাল ৪টার দিকে জানিয়েছেন, পরিবারের সবাই সুস্থ রয়েছেন। কয়েকদিনের জন্য তাদের সাময়িক অসুবিধা হলেও দেশ ও জনগণের স্বার্থে তারা বাড়িতেই থাকবেন।

জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামের ওই বাবা-ছেলে ইতালি থেকে ৪ মার্চ বাংলাদেশে আসে। করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এক সপ্তাহ পর্যক্ষেণে রাখতে তার বাড়িতে গ্রামপুলিশ দিয়ে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, করোনাভাইরাস আতঙ্কে ইতালি ফেরত বাবা-ছেলেসহ তাদের পরিবারকে সোমবার রাত থেকে এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রাখতে তার বাড়িতে গ্রামপুলিশ সাদা পোশাকে দিয়ে রাখা হয়েছে। থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সব সময় খোঁজ-খবর নিচ্ছে। মঙ্গলবার বিকাল ৪টায় সাতটি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিয়ে সভা করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে কোনো বিদেশ ফেরত ব্যক্তি এলে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এজন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরি টেলিফোন কল সেন্টার চালু করা হয়েছে। তবে কাউকে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও তিনি জানান।