মাদারীপুরে বিভিন্ন দেশে থেকে আসা ১৭৬ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার সাংবাদিকদের এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য জেলা সদর হাসপাতালসহ তিনটি উপজেলা স্বাস্থ্যকমল্পেক্সে ১০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় তা হলে আরো একশ’ বেড প্রস্তুত করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরে বিভিন্ন দেশে থেকে আসা প্রবাসীদের মধ্যে শনিবার দুপুর পর্যন্ত ১৭৬ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের ৪টি বেড সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়াও কালকিনি, রাজৈর ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২টি করে বেড প্রস্তুত রাখা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের নতুন ২৫০ শয্যার ভবনটি জেনারেল হাসপাতাল হিসেবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতি যদি অস্বাভাবিক হয় তা হলে ২৫০ শয্যার ভবনটিতে করোনা আক্রন্ত রোগীদের জন্য আরো একশ বেড প্রস্তুত করা হবে।
সিভিল সার্জন বলেন, বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের মধ্যে ১৭৬ জনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণে রেখেছে। বিদেশ থেকে যারা মাদারীপুরে আসছে তাদের আমরা করোনা সম্পর্কে বিভিন্ন উপদেশ দিয়ে যাচ্ছি। তবে আমাদের সদর হাসপাতালে করোনো ভাইরাসে আক্রান্ত কোন রোগী আসেননি। মাদারীপুরে ইতালি ফেরত যে একজন রোগী আক্রান্ত হয়েছিল সে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ঢাকা থেকে বাড়িতে ফিরেছে।
এছাড়াও স্থানীয়দের অভিযোগ করোনা ভাইরাস নিয়ে চারদিকে মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করা সত্ত্বেও মাদারীপুর জেলা শহরে চলছে বস্ত্র ও কুটির শিল্প মেলা।





