রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় বুধবার সকাল পর্যন্ত ২৯ জন বৃদ্ধি পেয়ে ৬০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছিলো স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে কোরিয়া থেকে আগত তিনজনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বর্তমানে বাকি ৫৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে নভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে খানকুনি পাতা খেলে মুক্তি মিলবে এমন গুজবে রাজবাড়ীতে বুধবার ভোর থেকেই খানকুনি পাতা ও গাছ খাওয়ার হিড়িক পড়েছে।

বালিয়াকান্দি গ্রামের সোহেল খান বলেন, একজন হুজুর স্বপ্নে দেখে নভেল করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে হলে খানকুনি পাতা ও গাছ খেতে হবে। এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বাড়ীর লোকজন আমাকেও খেতে বাধ্য করেছেন।

খোর্দ্দরামদিয়া গ্রামের মাসুদ রানা বলেন, ভোর থেকেই বাগানে বাগানে গিয়ে লোকজন খানকুনি পাতা ও গাছ সংগ্রহ করে খায়। গাছটি উপকারী হলেও এটি নিছক গুজব বলে মনে হয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, বুধবার সকাল পর্যন্ত ইতালি, কোরিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের মধ্যে বর্তমানে ৫৭ জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সব সময় তাদের তদারকি করছে।

সিভিল সার্জন আরো জানান, বিদেশ থেকে আগতদের ১৪ দিন হোম কোয়ারেনটাইনে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। যদি কেউ এ আদেশ না মানে তবে সংক্রামণ ব্যাধি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার কয়েকজন বলেন, অনেকেই বিদেশ থেকে এসে প্রকাশ্যে ঘুরছে। কেউই মানছে না। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।