রংপুর বিভাগে পুলিশ রেঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে কুড়িগ্রাম জেলা পুলিশ শ্রেষ্ঠ হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। জানা গেছে, রংপুর রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় বিভাগীয় পর্যায়ে একাধিক সম্মাননা পুরস্কার অর্জন করে কুড়িগ্রামের পুলিশ বিভাগ।
গত ফেব্রুয়ারি মাসে আইনশৃঙ্খলাসহ সার্বিক পর্যালোচনায় এবার শ্রেষ্ঠ জেলার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম জেলা। সোমবার সন্ধ্যায় রংপুর পুলিশ রেঞ্জ কনফারেন্স রুমে রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের হাত থেকে শ্রেষ্ঠ জেলার পুরস্কার গ্রহণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এ ছাড়াও ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিটের পুরস্কার গ্রহণ করেন টি আই সরোয়ার জাহিদ, শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল উৎপল রায় এবং চর রাজীবপুর শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।
এ সময় রংপুর রেঞ্জের কমান্ড্যান্ট ও সাবেক কুড়িগ্রাম এসপি মেহেদুল করিম পিপিএম, কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমসহ রংপুর রেঞ্জের সকল পুলিশ সুপার উপস্থিত ছিলেন।