কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে নিউ বোরাক পরিবহনের একটি বাসের ভেতর থেকে আকস্মিকভাবে আগুন জ্বলে উঠলে তা কুড়িগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে আনেন। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছেন না। আগুনে বাসটির জানালার কাচ ও সিট পুড়ে গেছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব- ১১-৬৮৩৪। ঘটনার সময় টার্মিনালে থাকা লোকজন জানান, শুক্রবার জুমার নামাজের সময় টার্মিনালের ভেতরে ওয়ালের পর্বপাশ ঘেঁষা নিউ বোরাক পরিবহনের পরিত্যক্ত একটি বাসের ভেতর থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় টার্মিনাল থেকে ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
বাস টার্মিনালে কর্মরত একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, নিউ বোরাক পরিবহন নামের দূরপাল্লার এই বাসটি দীর্ঘ প্রায় এক বছর ধরে টার্মিনালে পড়ে আছে। বাসটির মালিকের বাড়ি ঢাকায় বললেও মালিকের নাম কেউ বলতে পারেননি। কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের চেইন মাস্টার আইনুল হক জানান, বাসটি এখানে প্রায় ১ বছর ধরে পড়ে আছে। বাসটির মালিকের বাড়ি ঢাকায় শুনেছি। কিন্তু তার নাম জানা নেই। শুনেছি বাসের মালিক ব্যাংক থেকে লোন করে বাসটি কিনেছিলেন। ব্যাংকের সে লোন শোধ করতে না পারায় এখানে এনে রেখেছে। আগুন কিভাবে ধরেছে তা জানা নেই।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, বাসের মালিকের নাম জানি না। তবে বাসটি এখানে দীর্ঘদিন ধরেই পড়ে আছে। বাসটির দরজা-জানালা সব বন্ধ থাকার পরও কিভাবে আগুন লাগল তা বোধগম্য নয়। তবে আমার ধারণা কেউ কেউ হয়তো গোপনে বাসের ভেতর নেশা করে আগুন ফেলে গেছে।





