পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে কথিত ‘বন্দুক যুদ্ধে’ পেশাদার মাদককারবারি আবুল কালাম কাইলা ওরফে কালু (৩৫) নিহত হয়েছে। সে সাঁথিয়া উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় মাদকের চারটি মামলা আছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গত শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযানে বের হলে উপজেলার করমজা-বায়া খড়বাগান নামক স্থানে পৌঁছামাত্র তাদের ওপর কিছু মাদককারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি করে। এ সময় উভয়পক্ষের কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বেড়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৬টা ১০ মিনিটে সে মারা যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য এসআই ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হন। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি কাঁচি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, কালু চিহ্নিত মাদককারবারি। সে বেশ কয়েকবার পুলিশের কাছে ধরা পড়লেও জামিন নিয়ে বের হয়ে আবারো মাদককারবার শুরু করে।





