বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী আট ব্যক্তি। খাল দখল করে পাকা ভবন নির্মাণ করায় চলতি ইরি-বোরো মৌসুমে ওই খালের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে এলাকার কৃষকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা-বাহাদুরপুর খালের মাগুরা বাজারে কয়েক দিন ধরে স্থানীয় হেমায়েত ঘরামী, ফারুক বেপারি, আলমগীর হাওলাদার, জুয়েল রাঢ়ী, জুলহাস মিয়া, কলম সরদার, ইউনুস মুন্সী ও তোয়াব আলী সরকারি খাল দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছেন। খাল দখল করে পাকা দোকানঘর নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হওয়ায় চলতি বোরো মৌসুমের পানি সেচের জন্য বিপাকে পড়েছে এলাকার কৃষকরা। পাকা ভবন নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।
উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটি এলাকার হাটবাজারে সরকারি খাল, নদী, রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালীরা। তবে মাঝে মধ্যে উপজেলা প্রশাসন থেকে পাকা ভবন নির্মাণকাজে বাধা দিলেও কয়েক মাস পর ওই স্থানে আবার পাকা ভবন উঠে যায়। উপজেলা সদর বাজারের মধ্য দিয়ে পূর্ব দিকের খালে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছেন ব্যবসায়ীরা। যে কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ওই খালের সুবিধা পাওয়া গৈলা, শিহিপাশা, সুজনকাঠি, কালুপাড়াসহ বিভিন্ন এলাকায় চলতি ইরি-বোরো মৌসুমে অনেক জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। চলতি ইরি-বোরো মৌসুমে উৎপাদন হ্রাস পাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণের খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার তহসিলদার ও ভূমি অফিসের সার্ভেয়ার পাঠিয়ে পাকা ভবন নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে।
আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে প্রভাবশালীদের ভবন : পানিপ্রবাহ বন্ধ
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে পাকা দোকানঘর নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী আট ব্যক্তি। খাল দখল করে পাকা ভবন নির্মাণ করায় চলতি ইরি-বোরো মৌসুমে ওই...





