করোনাভাইরাস সতর্কতায় জনসমাগম রোধে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক ধর্মীয় উৎসব ‘অষ্টমীর স্নান’ উপজেলা প্রশাসন থেকে স্থগিত করা হলেও তা মানা হয়নি। বুধবার ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে ছোট ছোট দলে স্নান উৎসবে মেতে ওঠে। এ উপলক্ষে কোথাও কোথাও বসেছে ছোটখাটো মেলা।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় এবার পুণ্যার্থীরা মূল পয়েন্ট চিলমারী নৌবন্দরে না গিয়ে ব্রহ্মপুত্র নদকে ঘিরে ফকিরেরহাট, পুঁটিমারী, জোড়গাছসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ছোট ছোট দলে অষ্টমীর স্নানে অংশগ্রহণ করেন।
প্রতি বছর এই দিনে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ ৪ থেকে ৫ কিলোমিটার এলাকাব্যাপী এই পুণ্যস্নানে অংশগ্রহণ করলেও করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম রোধে চিলমারী উপজেলা প্রশাসন এবার এই স্নান উৎসব বাতিল করে। এ নিয়ে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে স্থানীয় প্রশাসন আলোচনা করে যৌথ উদ্যোগে স্নান উৎসব বাতিল করলেও কেউ কেউ তা না মেনে দল বেঁধে পুণ্য স্নানে অংশগ্রহণ করছেন।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, তারা খবর পাওয়ার সাথে সাথে পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গায় সমবেত হওয়া মানুষদেরকে সরিয়ে দিয়েছেন। এখন বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে।