বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাত এক বৃদ্ধা ও পুলিশের সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার পয়সারহাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে ওই বৃদ্ধার লাশের কাছে কেউই যায়নি। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে একইদিন উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের পুলিশের সাবেক এএসআই গৌরাঙ্গ সরকার (৭০) পারিবারিক কলহের কারণে বিষপান করেন। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।





