নরসিংদীর মনোহরদীতে প্রথম কোনো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার শুকুন্দী ইউনিয়নের চরনারান্দী গ্রামের বাসিন্দা।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাশেদুল হাসান তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি গত ১১ এপ্রিল জ্বর নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এলে অসুস্থতার লক্ষণের উপর ভিত্তি করে তার নমুনা ঢাকায় প্রেরণ করা হয়।  আজ সোমবার করোনা পজেটিভের রিপোর্ট এলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়ে। এখন তার পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে। আপাতত আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে।

মনোহরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান বলেন, করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই ঐ ব্যক্তির বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, মনোহরদী উপজেলা থেকে এ পর্যন্ত মোট ২২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। যার মধ্য থেকে ১২ জনের রিপোর্ট পাওয়া গেছে যার মাঝে একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাশেদুল হাসান।