গাজীপুর মহানগরের টঙ্গীতে করোনাভাইরাস মোকাবিলায় সংবাদ সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই, মাস্ক, জীবাণুমুক্ত ওষুধ ও আসন্ন রমজান উপলক্ষ্যে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা মো. লিটন উদ্দিন সরকার। শুক্রবার বিকেলে টঙ্গী বাজারের নিজ বাসভবনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় টঙ্গীতে নিয়োজিত বিভিন্ন জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
লিটন উদ্দিন সরকার বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাস মোকাবেলায় আমাদের মাঝে দেশের খবর পৌঁছে দিচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিক করোনায় আক্রান্তও হয়েছেন। কিছু কিছু মিডিয়া হাউজ মালিক স্বল্প পরিসরে তাদের সংবাদকর্মীদের সুরক্ষামূলক জিনিসপত্র দিলেও অনেক হাউজের সেই সামর্থ নেই। বিশেষ করে ঢাকার বাইরে কর্মরত সংবাদকর্মীরা সুরক্ষামূলক জিনিসপত্রের অভাবে ঝুঁকির মধ্যে সংবাদ সংগ্রহ করছেন। সেই বিবেচনায় এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই আমার নিজ অর্থায়নে তাদের করোনাভাইরাস মোকাবেলায় পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও মাহে রমজান উপলক্ষ্যে কিচ’ উপহার সামগ্রী বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি প্রত্যেক জেলা ও উপজেলা পর্যায়ের ভিত্তবানদেরকে নিজ নিজ এলাকার সংবাদকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সংবাদপত্রের অস্তিত্ব হুমকির মুখে। পত্রিকা খুললেই দেখা যায় অধিকাংশ পত্রিকায় কোনো বিজ্ঞাপন নেই। ইতিমধ্যে অনেক পত্রিকা তাদের পৃষ্ঠা সংখ্যা কমাতে বাধ্য হয়েছে। এ অবস্থায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই শিল্প বেঁচে না থাকলে আমাদের অপূরণীয় ক্ষতি হবে। রাষ্ট্রের এই অঙ্গহানী ঠেকাতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত সাংবাদিকরা জানান, গাজীপুরে এই প্রথম কেউ সাংবাদিকদের কথা চিন্তা করে করোনাভাইরাস মোকাবেলায় পূর্ণাঙ্গ পিপিই-সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছেন। তবে এর আগে গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সরকার জাবেদ আহমেদ সুমন সাংবাদিকদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।
এদিকে টানা লকডাউনে অসহায় হয়ে পড়া ঘরবন্দি প্রতিবেশীদের মাঝে খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠের স্থানীয় সাংবাদিক হাজী নূরুল ইসলাম। তিনি তার টঙ্গীর চেরাগআলী ও আউচপাড়া বাসভবন এলাকায় ঘরবন্দি প্রতিবেশীদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী চাল, ডাল, আলু, তেল, পিঁয়াজ, চিনি, সেমাই বিতরণ করেন। তিনি তার ভাড়াটিয়াদের লকডাউনকালীন সময়ে বাড়ি ভাড়ার অর্ধেক মওকুফ করে দেওয়ারও ঘোষণা দেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিক হাজী নূরুল ইসলাম বলেন, প্রতিবেশীদের মাঝে তার এই ক্ষুদ্র খাদ্য সহায়তা অন্য সামর্থ্যবানদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ এবং প্রেরণা যোগাবে। করোনা সময়ে তিনি প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির সামর্থ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে অন্তত একজন প্রতিবেশীর খাদ্য সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।





