করোনাভাইরাস প্রতিরোধে নড়াইল পুলিশ লাইনের প্রবেশদ্বারে জীবাণুনাশক কক্ষ চালু করা হয়েছে। এটি উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন।

জানা যায়, জীবাণুনাশক কক্ষ স্থাপনের উদ্যোগ নেন নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সহযোগিতা করেছেন মাশরাফি বিন মর্তুজা এমপি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও শেখ ইমরান, পুলিশ লাইনের আরআই মুকুল কুমার ঘোষসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

উদ্ভাবক তরুণ প্রকৌশলী মোহাম্মদ আরাফাত জানান, জীবাণুনাশক কক্ষের ভেতরে প্রবেশ করলে কয়েকটি নজেল থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্প্রের মাধ্যমে পোশাকসহ শরীর জীবাণুমুক্ত হবে। কক্ষটি করোনা প্রতিরোধে ভূমিকা রাখবে।

এর আগে গত ১০ এপ্রিল বিকেলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে নড়াইল সদর হাসপাতলের প্রবেশদ্বারে প্রথমে জীবাণুনাশক কক্ষের উদ্বোধন করা হয়।