দিনাজপুরের হিলিতে নতুন করে এক যুবকের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে হিলিতে মোট দুইজনের শরীরে করোনায় আক্রান্ত হলো। হিলি’র দুই জনসহ দিনাজপুর জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৭ জন।
করোনায় নতুন সনাক্ত এ যুবকও নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি হিলিতে তার বাড়িতে আসে। সে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতো।
হিলিতে আসার পর তার শরীরে কোনো করোনা উপসর্গ দেখা না গেলেও নারায়ণগঞ্জ থেকে আসায় তার নমুনা সংগ্রহ করা হয়।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই ওই যুবকের বাড়িসহ আসপাশের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িতে খাবার পৌছানো হয়েছে। লকডাউন হওয়া অন্যান্য বাসাতে আগামীকাল খাদ্যদ্রব্য পাঠিয়ে দেয়া হবে।
হাকিমপুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আক্রান্ত যুবক সুস্থ রয়েছেন।





