অবশেষে মারা গেল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লাঠিদাম গ্রামের সেতুর নিচ থেকে উদ্ধারকৃত আলোচিত সেই নবজাতক মেয়ে শিশুটি। রোববার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নবজাতক মারা যান।

শিশুটির মৃত্যুর খবরে গ্রামজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৫টার দিকে নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদাম নামক গ্রামের দক্ষিণ পাশে এক ব্রিজের নিচে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন কবিরুল ইসলাম নামে স্থানীয় এক যুবক। তিনি ওই নবজাতককে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশীদের কাছে হস্তান্তর করেন।

পরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান ওই ইউপি সদস্য। সকলের সম্মতি পেলে উদ্ধারকৃত ওই নবজাতকে নিজের কাছেই রেখে দিবেন বলে জানিয়েছিলেন ইউপি সদস্য হারুনুর রশীদ। তবে রাতে শিশুটি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন্নাহারের তত্ত্বাবধানে থাকাকালে তিনি জানিয়েছিলেন, নবজাতক শিশুটির পরিচয় শনাক্ত না হলে তিনি নিজেই তার দায়িত্ব নিবেন।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতকটির দায়িত্ব নিতে ইচ্ছা পোষণ করে ফেসবুকে স্টাটাসও দেন।