গাজীপুর জেলার কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে চাচি নারগিস আক্তারকে খুন করেছে ভাতিজা নাজমুল হোসেন।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারগিস আক্তার (৪০) উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান ও নিহতের বোন সুফিয়া আক্তার জানান, গত রমজানে আওলাদ হোসেনের স্ত্রী নার্গিস আক্তারের স্বর্ণলংকার চুরি হয়। ঘটনায় আওলাদ হোসেনের সাথে তার ভাই জাকির হোসেন ও ভাতিজা নাজমুল শেখের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও সমাধান হয়নি। পরে এর জেরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়ে পড়লে আওলাদ হোসেন (৫০) ও তার ছেলে শামীম হোসেন (২৮) আহত হন। পরে জাকির হোসেনের ছেলে নাজমুল হোসেন তার চাচি নারগিস আক্তারকে ছুরি দিয়ে বুকে আঘাত করেন।

এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যান। পরে আহত আওলাদ হোসেন ও শামীম হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের দেবর জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।