হারুন আনসারী, ফরিদপুর ও ভাঙ্গা সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রাম্য দলের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
রোববার (৪ মে) রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
কুদ্দুস মোল্লা (৫০) ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামের মরহুম হামেদ মাতুব্বরের ছেলে।
সূত্রে জানা গেছে, মকরমপট্টিতে বজলু মুন্সি ও দবির মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দলাদলি চলে আসছে। রোববার (৪ মে) বজলু মুন্সির দলের মিরাজ মেম্বার প্রতিপক্ষ দবির মাতুব্বরের দলে যোগ দেয়। এ কারণে দবির মাতুব্বরের লোকেরা রাতে খাওয়া দাওয়ার আয়োজন করে। এরপর সন্ধ্যা থেকে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। রাত ১০টা পর্যন্ত একটানা এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় উভয়পক্ষ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অনেকে আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ জানান, স্থানীয় দলপক্ষে যোগ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল (রোববার) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা এ সংঘর্ষ চলে। এতে বজলু মুন্সি গ্রুপের কুদ্দুস মোল্লা নামে একজন ঘটনাস্থলেই নিহত হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও আরো প্রায় ৩৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





