ঘূর্ণিঝড় আমফানে সিরাজগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা। আম লিচুসহ বিভিন্ন ফসলসহ কাচা ঘর-বাড়ি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা কৃষি সম্প্রমারণ অধিদপ্তর সিরাজগঞ্জ সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৫২৫ হেক্টর জমির সবজি বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোস্তম আলী জানান, বৃষ্টির কারণে সদর উপজেলার ৩৫০ হেক্টর ধান, ৫১০ হেক্টর পাট, ৪০০ হেক্টর সবজি, ৩০ হেক্টর তিল, ১৫ হেক্টর মরিচসহ ১৩২৯ হেক্টর বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে।

এদিকে ঝড়ের সময় সিরাজগঞ্জ থেকে কাজিপুর বাড়ী ফেরার সময় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের চিলগাছা নামক স্থানে গাছে ডাল ভেঙ্গে পরে রাজমিন্ত্রী দোলশাদ আলী (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সে কাজিপুর উপজেলার প্রজারপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।