বগুড়া জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবু হানিফ ওরফে মিস্টার (৩৮) হত্যাকাণ্ডে শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ শেখকে। এ ছাড়া ওই মামলায় আসামি রয়েছে আরো ১৬ জন। পুলিশ এ মামলার অন্যতম আসামি ফিরোজকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের শাজাহানপুর থানার শাকপালা মসজিদের পাশে পেছন থেকে প্রকাশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, শাকপালাসহ শাজাহানপুর উপজেলায় আধিপত্য বিস্তার, ঠিকাদারি, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের মধ্যে পূর্ব বিরাধ ছিল। এ সবের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, মামলার বাদি মিস্টারের বাবা আরমান হোসেন ড্রাইভার। এজাহারে পূর্ববিরোধের জের ধরে মিস্টারকে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়ার নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।