শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে গতকাল রোববার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী প্রতিপক্ষের ঘুষিতে তার মৃত্যু হয়েছে।
মরহুম ওই কৃষকের নাম আমজাদ আলী (৫৮)। তিনি উপজেলার ছালুয়াতলা গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ছেলে সায়েদুল ইসলাম প্রতিপক্ষের ঘুষিতে তার বাবার মৃত্যু হয়েছে বলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছালুয়াতলা গ্রামের আমজাদ আলী তিন বছর আগে বোরো মৌসুমে পার্শ্ববর্তী খরখরিয়াকান্দা গ্রামের দুলাল মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুনকে (রুবেল) ট্রাক্টর দিয়ে জমি চাষ করে দেন। ওই সময় রুবেল আমজাদের কাছে পাঁচ হাজার টাকা বাকী রাখেন। মামুনের কাছে একাধিকবার আমজাদ পাওনা টাকা চেয়েছেন। কিন্তু মামুন সেই টাকা দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করছিলেন। রোববার সন্ধ্যার দিকে আমজাদ খরখরিয়াকান্দা ভোটঘর বাজারে গিয়ে মামুনের দেখা পান। আমজাদ পাওনা টাকা চাইতে গেলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বির্তক হয়। এ সময় ধাক্কাধাক্কির এক পর্যায়ে আমজাদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে গতকাল রোববার রাতে নিহত আমজাদের বড় ছেলে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বছির আহমেদ বাদল বলেন, পাওনা টাকা চাইতে গিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আমজাদ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ব্যাপারে নিহত আমজাদের বড় ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।





