প্রায় আড়াই মাস বন্ধের পর গতকাল সোমবার দুপুর ১২টা থেকে আবার শুরু হলো হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনার শর্তে বন্দরে পণ্য আমদানি-রফতানিতে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
বিশ^ব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২৫ মার্চ বন্ধ করে দেয়া হয় হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে এ কয়দিন বন্দর দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেনি এবং দেশ থেকেও কোনো ট্রাক পণ্য নিয়ে ভারতে যায়নি।
ভারতের হিলি এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জিতকুমার জানান, এসব শর্তের মধ্যে রয়েছে ভারত থেকে আমদানিকৃত প্রতিটি ট্রাকে জীবাণুনাশক স্প্রে করতে হবে। সেই সাথে জীবাণুনাশক ট্যানেলের মাধ্যমে চালক ও হেলপারদের যাতায়াত করতে হবে। প্রত্যেক চালক ও হেলপারের মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর ভারতীয় ট্রাক চালকরা ওই দিনই আবার ভারতে ফিরে আসবে। এমনিভাবে প্রতিদিন ২০টি করে মোট ৪০ ট্রাক পণ্য বাংলাদেশে রফতানি করবে ভারতের ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দর আমদানিকারক সহসভাপতি শাহিনুর রেজা শাহিন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় ৭৫ দিন বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে দুই দেশের বন্দর খুলে দেয়া হলো। তিনি জানান, দীর্ঘ দিন পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পুনরায় শুরু হওয়ায় বন্দর এলাকায় আবারো প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।