মাগুরার শ্রীপুরে খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসরাইল মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বারইপাড়া গ্রামের রোস্তম মোল্যার ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মোহন মোল্যার বাড়ির আম গাছে ইসমাইল মোল্যা আম পাড়তে ওঠেন। আম পাড়ার সময় ইসরাইলের হাতে থাকা কঞ্চির লগি হঠাৎ অসাবধানবসতঃ পার্শ্ববর্তী উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতে তারের উপর পড়ে যায়। সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে গাছেই ঝুলে থাকেন তিনি। পরে এলাকাবাসী শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্কাস আলীর নেতৃত্বে তার কর্মীরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেন।
শ্রীপুরে থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে লাশটিকে গাছ থেকে নামায়। ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।





