কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন করে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত এবং ১ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী, ৪ জন তরুণ, ১ জন তরুণী, ১ জন নারী, ২ জন পুরুষ, ২ জন শিশু ও ৭০ বছরের ১ বৃদ্ধ রয়েছেন।
শনিবার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক (আরএমও) ও রোগনিয়ন্ত্রণ (এমওডিসি) কর্মকর্তা ডা: তাহলিল হোসেন শাওন নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।
গত ১৩ জুন এবং ১৪ জুনে পূর্ণাঙ্গ এবং ১৫, ১৬, ১৭ জুনে পাঠানো (আংশিক) নমুনা পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা যায়।
নতুন আক্রান্তরা হলেন, বাজিতপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মী ২ জন, ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ জন, সরারচর ইউনিয়নের ১ জন, পৌর এলাকার ২ জন শিশু, বাহেরনগর গ্রামের এক যুবক, দড়িকান্দি গ্রামের পুরুষ ১ জন, ভাগলপুর গ্রামের তরুণী ১ জন, পূর্ব ভাগলপুর গ্রামের নারী ১ জন ও গাজীরচর গ্রামের ৭০ বছরের বৃদ্ধ ১ জন। এ নিয়ে উপজেলায় সর্বমোট আক্রান্ত হলেন ৭৭ জন। এদের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সরারচরের হোসেন মঞ্জিলের তানিয়া সুলতানা নামে ১ জন তরুণী সুস্থ হয়েছেন। এ নিয়ে উপজেলায় স্বাস্থ্যকর্মীসহ মোট ৩১ জন করোনা মুক্ত হয়েছেন।
ডা: তাহলিল হোসেন শাওন বলেন, বাজিতপুর উপজেলা প্রশাসনের সাথে পরামর্শক্রমে আক্রান্তদের বাড়িসহ আশেপাশের ১০-১২টি বাড়ি লকডাউন করা হবে।





