গোপালগঞ্জের কোটালীপাড়ায় অপমান সইতে না পেরে আকলিমা খানম (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন। রোববার ভোর রাতে উপজেলার কুঞ্জবন গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত কিশোরী আকলিমা খানম কোটালীপাড়া পাবলিক ইনিস্টিটিউশন মডেল থেকে এ বছর এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি কুঞ্জবন গ্রামের জাহাঙ্গীর মোল্লার মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
আকলিমার বাবা জাহাঙ্গীর মোল্লা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত রাতে আমার মেয়ের চরিত্র নিয়ে পাশের বাড়ির আইয়ুব আলীর মেয়ে রোকসনা অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার অশালিন আচারণের অপমান সইতে না পেরে আমার মেয়ে ভোর রাতে গলায় ফাঁস দিয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মা একটি অভিযোগ দায়ের করেছেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





