পাবনার সাঁথিয়ার সমিতির নামে চড়া সুদে ঋণ দিয়ে রমরমা সুদি কারবার চলছে। এতে গরিব ও অসহায় মানুষেরা সুদের চক্রে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিস বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, ক্ষেপুপাড়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে কিছু লোক ‘বালিয়াকান্দি কৃষিবান্ধব সমাজ কল্যাণ সংস্থা’ নাম ব্যবহার করে গরিব অসহায় লোকদের চড়া সুদে ঋণ দিয়ে দীর্ঘ দিন ধরে রমরমা কারবার চালিয়ে আসছে। এ ঋণের জালে জড়িয়ে অনেকেই সর্বস্বান্ত হয়ে ইতোমধ্যে পথে বসেছে। অনেকেই ঋণ পরিশোধ করতে না পারায় তাদের বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। এতে অনেকে দিশেহারা হয়ে পড়েছেন। পরে ঋণের ফাঁদে সর্বস্বান্ত হওয়া এলাকার ৭১ জন লোক বাধ্য হয়ে অনুমোদনহীন এই সমিতির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে। তারা বলেন, তারা যেন চড়া সুদে ঋণ দিয়ে আর কাউকে সর্বস্বান্ত করতে না পারে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। একটি সূত্র জানান, বালিয়াকান্দি কৃষিবান্ধব সমাজ কল্যাণ সংস্থার নামে উপজেলা সমাজসেবা অফিস হতে রেজিস্ট্রেশন নেয়ার জন্য জোড় তদবির চালাচ্ছে এই অবৈধ সমিতির সাথে জড়িতরা।
এ ব্যাপারে সাঁথিয়া উপেজেলা সমাজসেবা অফিসার আয়ুব আলী বলেন, সমিতির রেজিস্ট্রেশনের জন্য জেলা সমাজসেবা অফিস বরাবর আবেদন করেছেন এবং তা প্রক্রিয়াধীন রয়েছে।
আবেদনের সত্যতা স্বীকার করে সঁঁঁঁঁাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, অনুমোদনহীন সমিতি বা সংস্থা কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকতে পারে না।