বরিশালের আগৈলঝাড়ায় করোনা সন্দেহে অসুস্থ এক বৃদ্ধাকে (৭০) তার ভাইপো রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা সংবাদ দিলে আগৈলঝাড়া থানা ওসি আফজাল হোসেন বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা যায়, ওই বৃদ্ধার নাম দীপু বালা। তিনি জানান, তার স্বামী ও বাবার বাড়ি আগৈলঝাড়ার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। স্বামী অশ্বিনী বালা ৪ বছর আগে মারা যান। তাদের কোনো সন্তান নেই। দীর্ঘ দিন ধরে তিনি মানুষের বাসায় ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। বৃদ্ধ বয়সেও বর্তমানে তিনি বরিশাল নগরীর কাঠপট্টি রোডের ধীরেন সিকদারের বাসায় কাজ করতেন। ওই বাসায় কর্মরত অবস্থায় পাঁচদিন আগে হঠাৎ করে তিনি অসুস্থ হন। ধীরেন সিকদার স্থানীয়ভাবে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দেন। পরে তার গ্রামের বাড়িতে খবর দেন। আস্কর গ্রামের বাড়ি থেকে বৃদ্ধার ভাই মনোরঞ্জন সাহার ছেলে মিথুন সাহা বরিশাল থেকে বৃদ্ধা পিসিকে বাড়িতে আনতে যায়। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে জোবারপাড় না গিয়ে আগৈলঝাড়া বাইপাস সড়কের বাসস্ট্যান্ডে নামে। পরে পিসি দীপু বালাকে বেলা সাড়ে ১২টার দিকে করোনাভাইরাস সন্দেহে আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ভাইপো মিথুন। একপর্যায়ে অসুস্থ বৃদ্ধা সড়কের উপরেই শুয়ে পরতে বাধ্য হন। তারপর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেখা মেলেনি মিথুনের।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি বলেন, আমি খবর পেয়ে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করাই। হাসপাতালে অসুস্থ বৃদ্ধার চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ সব দায়িত্ব আমরা নিয়েছি।





