ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ টিঅ্যান্ডটি সড়কে আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণকাজের নির্ধারিত সময় শেষ হলেও কাজ শেষ হয়নি। এখন পর্যন্ত ড্রেন নির্মাণের আংশিক কাজ শেষ হয়েছে। প্রায় এক বছর ধরে রহস্যজনক কারণে কাজ বন্ধ রাখছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এই রাস্তায় যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডে ৫৭০ মিটার ঢালাই রাস্তা ও ৩৮০ মিটার আরসিসি ড্রেন নির্মাণের জন্য চার কোটি ২৫ লাখ ৮২ হাজার ১১০ টাকা বরাদ্দ দেয়া হয়। এক বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও শেষ হয়নি। এখনো ভালুকা-বিরুনীয় সড়কে ৫৫০ মিটার ঢালাই রাস্তা ও ৩৮০ মিটার ড্রেনের কাজ অসমাপ্ত রয়েছে। টিঅ্যান্ডটি রোডে রাস্তার সংস্কারের কাজে এখনো হাত দেয়নি। এ দিকে অর্ধেক কাজ করে রাস্তা চলাচলের অনুপযোগী করে ফেলে রাখায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত সংস্কারকাজ শেষ করে জনসাধারণের চলাচলে দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
মেসার্স মহিবুল হক ও ওই কাজের তদারকি কর্মকর্তা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মামুন অর রশিদের মোবাইলে কল দিলে রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মুন্নুর আহমেদকে ফোন করলে তিনি পরে কথা বলবেন বলে লাইনটি কেটে দেন।
পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেয়রপ্রার্থী, বিএনপি নেতা হামেত খান রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে উপযোগী করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবউদ্দিন খান বলেন, ঠিকাদারকে বারবার তাগিদ দেয়ার পরও কী কারণে কাজ শেষ করছেন না তা বলতে পারছি না।