গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে সৎমাকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে কুলসুম বেগম (৬০) নামে এই বৃদ্ধা মারা যান।
কুলসুম কোটালীপাড়া উপজেলার রাজিন্দারপাড় গ্রামের সবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।
কুলসুম বেগমের ভাই কালাম ফকির অভিযোগ করেন, সৎ ছেলেদের সাথে জমিজমা নিয়ে কুলসুমের বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সৎ ছেলে ও তাদের স্ত্রীরা কুলসুমকে পিটিয়ে আহত করে। পরে তার গায়ে গরমপানি ঢেলে ও শুকনা মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে তার বোন খবর পেয়ে কুলসুমকে উদ্ধার করে প্রথম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গোপালগঞ্জ সদর হাসপাতাল এবং বিকেলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কুলসুম মারা যান।
ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় শনিবার রাতেই সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।