কিশোরগঞ্জের বাজিতপুরে নতুন করে আরো একজন চিকিৎসকসহ ৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন যুবক ও ১ জন কিশোরী রয়েছেন।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক ও রোগ নিয়ন্ত্রণ কর্কর্তা ডা: তাহলিল হোসেন শাওন নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন। ১৬ জুলাই পাঠানো নমুনায় ৩ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তরা হলেন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন পুরুষ চিকিৎসক, হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া গ্রামের যুবক ১ জন ও মধ্যভাগলপুর গ্রামের ১ জন কিশোরী।
এ নিয়ে বাজিতপুর উপজেলায় সর্বমোট ১৫৪ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বাজিতপুর উপজেলায় আজ (১৭ জুলাই) পর্যন্ত সর্বমোট ১২৯ জন করোনা মুক্ত হয়েছেন। এছাড়া বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো ১৫ ও ১৬ জুলাইয়ের রিপোর্ট ল্যাবে পরীক্ষায় অপেক্ষায় আছে।





