গাজীপুর মহানগরের পূবাইল থানার কুদাব গ্রামে শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় সহোদর দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে।
আহত দুই সহোদরের ভগ্নিপতি সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি জানান, রাত ৩টায় ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত তালা কেটে ও কেচি গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং আলমিরা থেকে ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। ডাকাতরা ঘরের মূল্যবান আসবাবপত্র তছনছ করে এবং ৬টি মোবাইল সেটসহ আরো মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় বাধা দেয়ায় ব্যবসায়ী সজীব পালোয়ান (৩৫) ও তার সহোদর রাকিব পালোয়ানকে (৩৮) ছুরিকাঘাত করে ডাকাতরা। ছুরিকাঘাতে সজিবের কণ্ঠনালী ও রাকিবের হাত কেটে যায়। দুই সহোদরের রক্তক্ষরণ দেখে তাদের বৃদ্ধ বাবা হোসেন উদ্দিন পালোয়ান জ্ঞান হারিয়ে ফেলেন। ডাকাতরা চলে যাওয়ার পর তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করেন। দুই সহোদরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে ও পরে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে।
এ ব্যাপার পূবাইল থানার ওসি নাজমুল হক ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে নয়া দিগন্তকে বলেন, আমরা ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছি।





