দিনাজপুরের নবাবগঞ্জে খাসমহল হাটবাজার ইজারাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগকে জড়িয়ে চাঁদাবাজির সংবাদ প্রচাররের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার বিকেলে ভাদুরিয়া বাজার পরিচালনা কমিটির অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খাদেমুল বাসার প্রিন্স অভিযোগ করেন, চলতি ১৪২৭ বাংলা সনে এক বছরের জন্য নিলামের মাধ্যমে ভাদুরিয়া হাট ও বাজারের ইজারা পায় স্থানীয় মসজিদ পরিচালনা কমিটি। সেই থেকে মসজিদ কমিটি ভাদুরিয়া বাজারটি পরিচালনা করে আসছে। মসজিদ কমিটির অনুরোধে বাজার পরিচালনায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ সহযোগিতা করে আসছে।
সম্প্রতি উপজেলা প্রশাসন বাজারের ১৪টি নতুন ও ৪৫টি পুরনো দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেয়। টাকা নিয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ দোকানগুলো বসিয়েছিল বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়।