কোরবানি বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে মোহাম্মদপুর আবাসিক এলাকার জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। এখানে কোরবানি ও ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায় করা যাবে এ মর্মে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারী করা করা হয়েছে।

গত ২২ জুলাই জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির প্যাডে জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে কোরবানি বিষয়ক একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি কোরবানিদাতাদের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন পরামর্শ দেবে। কোরবানির পশু রাখার স্থান নির্ধারণ, পশু জবেহ করা ও কোরবানি শেষে সকল বর্জ্য দ্রুততার সাথে অপসারণ করার ক্ষেত্রে এ পরামর্শ দেয়া হবে।

এতে বলা হয়েছে, কোরবানি বিষয়টির সহযোগিতার জন্য আমরা স্থানীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও বিখ্যাত আলেমদের অবহিত করেছি। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি অনুষ্ঠিত হবে ও স্বাস্থ্যবিধি মেনে আমাদের মসজিদে ঈদুল আজহার নামাজও আদায় করা হবে ইনশাল্লাহ।

এর আগে গত ৫ জুলাই করোনার কারণে কোরবানি বন্ধের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। এ নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এমন হটকারী সিদ্ধান্ত বাতিলের দাবি জানায় আলেম উলামাসহ কয়েকটি ইসলামি সংগঠন।

এছাড়া ১৯ জুলাই রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট মালিক সমিতি ও হাউজিং সোসাইটিতে কোরবানির পশু সংরক্ষণ ও জবাই করার সুযোগ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটটি করেন জাপান গার্ডেন সিটির বাসিন্দা মুহা: আব্দুল্লাহ আল মামুনের পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর শরীফ।