দিনাজপুরের হিলিতে শানচু মিনজি (৩৮) নামের ভ্যান চালক এক নৃগোষ্ঠী যুবককে গলা কেটে হত্যা করে তার রিক্সা-ভ্যানটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার সকালে হিলির ইসমাইলপুর সড়কের উপর থেকে তার গলাকাটা লাশটি উদ্ধার করেছে পুলিশ।

গতরাতে কে বা কারা ওই আদিবাসী যুবককে গলা কেটে হত্যা করে তার রিক্সা-ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নিহত শানচু মিনজি হাকিমপুর উপজেলার ছাতনি জামতলী গ্রামের নব মিনজির ছেলে। সে হিলিতে রিক্সা-ভ্যান চালিয়ে জিবীকা নির্বাহ করতো।

নিহতের স্বজনরা জানায়, শানচু মিনজি গতকাল তার রিক্সা-ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরে তার লাশটি হিলি-ইসমাইলপুর সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাকিমপুর থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

হাকিমপুর থানা পুলিশের ওসি তদন্ত মোস্তাফিজার রহমান জানান, নিহত শানচু মিনজির লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।