কিশোরগঞ্জের কটিয়াদীতে বিনা পারিশ্রমিকে মানষের সেবা দিয়ে যাচ্ছেন আফজাল হোসাইন নামের এক ডেন্টাল টেকনোলজিষ্ট। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) এই কঠিন দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় ব্রত রয়েছেন তিনি। পেশায় ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিষ্ট ও প্যারামেডিক। তার জন্মস্থান নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামে। কটিয়াদী মডেল থানার সামনে ব্রম্মপুত্র নদের বাঁধে তার একটি ডেন্টাল ক্লিনিক রয়েছে।

আফজল হোসাইন জানান, বাংলাদেশে যখন গত ৮ মার্চ করোনাভাইরাস ধরা পড়ে তখনই তিনি স্বেচ্ছায় করোনা রোগীর সেবা দেয়ার আগ্রহ প্রকাশ করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার নিকট তার বায়োডাটা জমা দেন। তিনি নিজ অর্থায়নে করোনা সচেতনতা মূলক পোস্টার, ব্যানার লিফলেট, মাস্ক, জীবানুনাশক সেনিটাইজার বিতরণ করেন। কটিয়াদী ইউএইচও’র আহবানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রোগীদের বাড়ি বাড়ি গিয়ে প্রাণঘাতী করোনার নমুনা সংগ্রহ করতে শুরু করেন। প্রশিক্ষণের মাধ্যমে এ পর্যন্ত তিনি প্রায় দুই শতাধিক নমুনা সংগ্রহ করেছেন।

তিনি আরো জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কোভিড/১৯ এর নমুনা সংগ্রহ করে সরকার ও তার স্বাস্থ্য বিভাগকে সহযোগীতা করে যাচ্ছি।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোঃ তানভীর হাসান বলেন, আফজাল হোসাইন বিনা পারিশ্রমিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন গ্রাম থেকে করোনা উপসর্গ থাকা রোগীদের নমুনা সংগ্রহ করছেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে করোনার সচেতনতা মূলক পোষ্টার, ব্যানার, লিফলেট, মাস্ক, জীবানুনাশক সেনিটাইজার বিতরণ করে যাচ্ছেন। আমি তার সফলতা কামনা করি।