খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে শেখ এলাহি বস্ক (৭৫) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধ তালা উপজেলার বড়কাশীপুর গ্রামের মৃত হারুনার রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ৩টার দিকে ওই বৃদ্ধ তালার ত্রিশমাইল তার মেয়ের বাড়ি থেকে পায়ে হেটে বড়কাশীপুর নিজ বাড়িতে ফেরার পথে মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে পৌছালে সাতক্ষীরা থেকে খুলনাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১৯৭১) পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ঘাতক ট্রাকটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

পাটকেলঘাটা থানা উপ-পরিদর্শক এসআই সুব্রত কুমার সাহা জানান, নিহতে লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ বিষয়ে হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।