টঙ্গী ইসলামপুর (দত্তপাড়া) লেদু মোল্লা রোডে গাজীপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আগুনে অফিসের যাবতীয় আসবাবপত্র, কম্পিউটার, ল্যাপটপ, সিসি টিভি, ফাইলপত্র পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবন মালিক আব্দুর রশিদ জানান, পাশের রাস্তায় একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় এসপি অফিসে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা অফিস কক্ষের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। কার্যালয়ের যানবাহন শাখায় কর্মরত এসআই আশরাফুল আলম নয়া দিগন্তকে জানান, তারা সকাল সাড়ে ৭টায় অফিসে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গীর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন।





